রমজানের শুরুতে অস্থিরতা কাটিয়ে স্বস্তিতে নিত্যপণ্যের বাজার
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসের শুরুতে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির চাপ দেখা দিয়েছিল, তা এখন অনেকটাই কমেছে। রোজার প্রথম সপ্তাহে আকাশছোঁয়া দামে বিক্রি হওয়া পণ্যগুলোর বেশিরভাগই এখন নিম্নমুখী। বিশেষ করে ইফতার সামগ্রীর প্রধান উপকরণ লেবু, শসা ও বেগুনের দামে উল্লেখযোগ্য পতন এসেছে। পাশাপাশি আলু ও পেঁয়াজের বাজারেও বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা ও মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি ও নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে।
বর্তমানে আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কম। রোজার শুরুতে হালিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হওয়া লেবু এখন পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। শসা ও বেগুনের দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা কমেছে; ভালো মানের শসা ৪০ থেকে ৫০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের বাজারেও স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি কেজি মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ২০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।
মুদি পণ্যের বাজারেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। ছোলার দাম এখন কেজিতে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা কমেছে। তবে চিনি ও সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় আপাতত নতুন করে দাম বাড়ার আশঙ্কা নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্রয়লার মুরগির দামেও পতন ঘটেছে। গত সপ্তাহে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার এখন ১৬৫ থেকে ১৮০ টাকায় মিলছে। সোনালি জাতের মুরগির কেজি ৩০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩২০ টাকা। গরুর মাংসের কেজি ৮০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়।
আরও পড়ুন: ২৫ দিনে প্রবাসী আয় এলো ৩৪ হাজার কোটি টাকা
মাছের বাজারেও দামে বড় পরিবর্তন নেই। পাঙ্গাস কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি টেংরা ৪৫০ টাকা, বেলে ২৫০ টাকা, বাইন ৬০০ টাকা, চিংড়ি ৯০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কই ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা এবং টাকি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ও জাতভেদে মাছের দাম কেজিপ্রতি ৫৫০ থেকে ৯০০ টাকার মধ্যে ওঠানামা করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








