News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চতুর্থ দফায় বাড়লো আয়কর রিটার্নের সময়

চতুর্থ দফায় বাড়লো আয়কর রিটার্নের সময়

ফাইল ছবি

দেশে নিবন্ধিত করদাতাদের বড় একটি অংশ এখনো রিটার্ন দাখিল না করায় চতুর্থ দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে ও সনাতন পদ্ধতিতে তাদের রিটার্ন জমা দিতে পারবেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি হতে পারে বলে এনবিআর সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বরই মূলত রিটার্ন দাখিলের শেষ দিন। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পাওয়ায় এনবিআর পর পর তিন দফায় এক মাস করে সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দিয়েছিল। এবার করদাতাদের সুবিধা নিশ্চিত করতে সময় আরও এক মাস বাড়ানো হচ্ছে। এর আগে ২০২৪–২৫ করবর্ষে তিন দফায় সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

দেশে বর্তমানে নিবন্ধিত করদাতার সংখ্যা এক কোটি ২৩ লাখ। এর মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩৮ লাখ ৮৪ হাজার জন এবং কাগুজে রিটার্ন দিয়েছেন প্রায় তিন লাখ। ফলে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত অর্থবছরে মোট রিটার্ন জমা হয়েছিল ৪৫ লাখ।

আরও পড়ুন: সরে গেলেন আহসান মনসুর, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

সময় বাড়ানোর বিষয়টি এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। আদেশ যেকোনো সময় জারি হতে পারে।

আইন অনুযায়ী, করদিবসের পর রিটার্ন জমা দিলে জরিমানা আরোপিত হয়। এর পাশাপাশি বিনিয়োগের রেয়াত, কম হারে কর দেওয়ার সুযোগ এবং করমুক্ত আয়ের সুবিধাও হারাতে হয়। অব্যাহতিপ্রাপ্ত আয়ও করযোগ্য হিসেবে গণ্য হয়।

চলতি অর্থবছর ২০২৫–২৬ থেকে সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন (ই-রিটার্ন) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এতে অভ্যস্ত না হওয়ার কারণে অনেকেই নিবন্ধন নেওয়ার পরও রিটার্ন জমা দিতে পারেননি। 
বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতি গত বছর সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিল। তারা সময় বৃদ্ধির পক্ষে ১৩টি কারণ তুলে ধরেছিল।

এনবিআরের কর্মকর্তা জানান, নতুন সরকারের সময়ে কর আদায়ে গতিশীলতা বাড়ানো এবং ব্যবসায়ী মহলের অনুরোধ বিবেচনায় রেখে রিটার্ন দাখিলের সময় সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়