রেমিট্যান্স প্রবাহ ২৫ দিনে ২৬১ কোটি ডলার
ফাইল ছবি
দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিয়ে নতুন বছরের শুরুতেই রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২৬১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২.৬১ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১০ কোটি ৪৭ লাখ ডলার।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাস আয়ের সর্বশেষ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ৬০ লাখ ডলার। তুলনামূলকভাবে চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
রেমিট্যান্সের প্রবাহের ধারাবাহিকতা বজায় রেখে ২৫ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৪ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ২২ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি।
আরও পড়ুন: সঞ্চয়পত্রে বর্তমান সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার: অর্থসচিব
এদিকে, গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।
নভেম্বরে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
নিউজবাংলাদেশ.কম/পলি








