নির্বাচন ও রমজানে থাকবে না এলপিজি সংকট: জ্বালানি উপদেষ্টা
ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশের এলপি গ্যাস বাজারে যেন কোনো ধরনের সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি আশ্বস্ত করে বলেন, রমজানের আগেই এলপিজির চলমান সংকট অনেকটাই কেটে যাবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রেলভবনে এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট অপারেটরদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা।
সভায় তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন, নির্বাচন ও রমজান- এই দুই গুরুত্বপূর্ণ সময়ে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি রাখা যাবে না।
ফাওজুল কবির খান বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি অপারেটররা দিয়েছিলেন, বাস্তবে তার পুরোপুরি প্রতিফলন এখনও দেখা যায়নি। এ কারণেই বাজারে সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে এই অবস্থার দ্রুত সমাধানে সরকার সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও জানান, জানুয়ারি মাসে সম্ভাব্য ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের এলপি গ্যাসের চলমান সংকট অনেকটাই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণসুবিধা অনুমোদন
সভায় উপস্থিত এলপিজি অপারেটররা জানান, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সম্প্রতি এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধির অভিযোগ তারা স্পষ্টভাবে অস্বীকার করেন।
তাদের দাবি, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলেই বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
আলোচনা সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও মাহে রমজান- এই দুই সময়ে ভোক্তারা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য এলপিজি সরবরাহ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








