|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৭, ২১ জানুয়ারি ২০১৯
আপডেট: ০৯:২১, ১০ ফেব্রুয়ারি ২০২০

স্ত্রীর পেছনে গোয়েন্দাগিরি করতে গিয়ে বোরকা পরে কলেজে স্বামী

স্ত্রীর পেছনে গোয়েন্দাগিরি করতে গিয়ে বোরকা পরে কলেজে স্বামী

বন্ধুত্ব থেকে প্রণয়, অতঃপর দুজন-দুজনার। সাত বছরের সম্পর্ক, হঠাৎ সন্দেহ-অবিশ্বাস মাহমুদুল (২৭) ও জুলেখা (২৪) দম্পতির মধ্যে।

সন্দেহের সূত্রপাত একটি মোবাইল কল। আর তাতেই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা স্বামীর মাথায় ঘুরপাক খেতে শুরু করল নতুন বুদ্ধির।

ছদ্মবেশে স্ত্রীকে ধরবেন হাতেনাতে। যে কথা সেই কাজ। বোরকা পরে ছদ্মবেশে ঢুকলেন স্ত্রীর বিদ্যাপীঠ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে। কিন্তু বিধিবাম। বোরকা পরে কলেজের পুরুষ টয়লেট থেকে বের হতেই আটকা পড়লেন মাহমুদুল। অতঃপর তার স্থান হলো পুলিশের কার্যালয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল নিজেই স্বীকার করলেন স্ত্রীকে সন্দেহ করেই বোরকা পরে তার গতিবিধি দেখতে গিয়েছিলেন কলেজে।

এর আগে, স্ত্রীর অনার্স মৌখিক পরীক্ষা থাকায় একসঙ্গে ট্রেনে করে জামালপুর থেকে ময়মনসিংহ শহরে আসেন তারা। রিকশায় করে স্ত্রীকে আনন্দমোহন কলেজ গেটে নামিয়ে দেন স্বামী। এরপর স্ত্রী কলেজে কী করছে, কার সঙ্গে কথা বলছে এসব দেখতে দোকান থেকে বোরকা কিনে ছদ্মবেশে কলেজে প্রবেশ করেন মাহমুদুল।

ঘুরতে ঘুরতে এক সময় তিনি পুরুষের বাথরুম যান এবং সেখান থেকে নারী বের হওয়ায় সন্দেহ হয় শিক্ষার্থীদের। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর স্ত্রীসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

সোমবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে স্ত্রীকে সন্দেহের বশবর্তী হয়ে বোরকা পরে ছদ্মবেশে কলেজে প্রবেশের ঘটনাটি স্বীকার করেছেন মাহমুদুল হাসান। তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃত মাহমুদুল হাসানের বাড়ি শেরপুর জেলায়। জামালপুরের আইবিএ কলেজে করণিক পদে চাকরি করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়