বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পাঠালো পাকিস্তান
ফাইল ছবি
আগামী মাসের শুরুতেই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে গিয়ে খেলতে রাজি নয়। এ বিষয়ে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পিসিবি। চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে।
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কায় তাদের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে।
এ বিষয়ে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে একাধিক বৈঠক হয়েছে, সর্বশেষ বৈঠকটি গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হয়। তবে দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল। আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ অনুষ্ঠিত হোক, আর বিসিবি বলছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলা সম্ভব নয়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে নরওয়ের মাটিতে ম্যানসিটির ভরাডুবি
এর আগে গুঞ্জন ওঠে, পিসিবি বাংলাদেশকে পাকিস্তানে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








