News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৯, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:৩০, ২০ জানুয়ারি ২০২৬

বিপিএল বিদায়ের রাতে লিটনের কণ্ঠে বিশ্বকাপের অনিশ্চয়তা

বিপিএল বিদায়ের রাতে লিটনের কণ্ঠে বিশ্বকাপের অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

বিপিএলের এলিমিনেটর ম্যাচে শেষ বলে হারের যন্ত্রণা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রংপুর রাইডার্স অধিনায়ক লিটন কুমার দাস। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ক্রিস ওকসের শেষ বলের ছক্কায় বিদায় নেয় রংপুর। তবে ম্যাচ হারার হতাশার চেয়েও সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে স্পষ্ট হয়ে ওঠে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া গভীর অনিশ্চয়তা।

জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা লিটনের। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ আদৌ অংশ নেবে কি না, খেললে কোন দেশে খেলবে, কার বিপক্ষে খেলবে- এই মৌলিক প্রশ্নগুলোর কোনো উত্তর এখনো নিশ্চিত নয়। 

সংবাদ সম্মেলনে একাধিক প্রশ্নের জবাবে লিটন নিজেই পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি?

বিশ্বকাপ নিয়ে এই ধোঁয়াশার সূত্রপাত ভারতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ঘটনার পর। আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকারও নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ দলকে ভারতে পাঠানো সমীচীন মনে করছে না। এ অবস্থায় বিসিবি আইসিসির কাছে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আয়োজক ও আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

জাতীয় দলের ক্রিকেটাররা এতদিন বিপিএলে ব্যস্ত থাকলেও মঙ্গলবার রংপুর রাইডার্সের বিদায়ের মধ্য দিয়ে লিটনসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সেই ব্যস্ততা শেষ হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে এই সময়টা বিশ্বকাপের প্রস্তুতি ও মানসিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হলেও অনিশ্চয়তার কারণে সেটি সম্ভব হচ্ছে না। কোন দেশে খেলতে হবে, গ্রুপে কারা থাকবে—এসব না জেনেই প্রস্তুতির কথা ভাবতে হচ্ছে ক্রিকেটারদের।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, বিশ্বকাপ অনেক দিন বাকি। আমরা আদৌ যাব কি না, সেটাই নিশ্চিত না। 

আরও পড়ুন: বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

আবারও যোগ করেন, বিশ্বকাপ ৭ তারিখে শুরু হবে। ১৪ দিন সময় থাকবে। মেন্টালি প্রস্তুত হওয়ার সুযোগ থাকবে। জীবনে অনেক কিছুই আইডিয়াল হয় না। বিপিএল ম্যাচগুলোও আইডিয়াল ছিল না, তবুও খেলতে হয়েছে।

এই পুরো অনিশ্চয়তার মধ্যেও বিসিবির পক্ষ থেকে লিটন বা দলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি। বোর্ড যোগাযোগ করেছে কি না- এই প্রশ্নে লিটনের উত্তর এক শব্দের, “না।” 

কেন আলোচনা করা হয়নি জানতে চাইলে বলেন, কেন জানতে চায়নি, সেটাও আমি জানি না। আলোচনা করা উচিত ছিল কি না- এ প্রশ্নে তার সংক্ষিপ্ত উত্তর, “নো কমেন্টস।”

বিশ্বকাপ নিয়ে বোর্ডের অবস্থানের সঙ্গে তিনি একমত কি না- সেটি নিয়েও কোনো মন্তব্য করতে চাননি লিটন। ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতা বা নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন এলে তিনি স্পষ্ট করে জানান, এই বিষয়ে কথা বলা তার জন্য নিরাপদ নয়।

এদিকে বিপিএলের এলিমিনেটরে মাত্র ১১১ রান করা ম্যাচে মিরপুরের উইকেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন লিটন। তার মতে, এমন উইকেট টি–টোয়েন্টির জন্য আদর্শ নয়। 

তিনি বলেন, ডু অর ডাই ম্যাচে পুরো সুবিধা বোলারদের দিয়ে দিলে ক্রিকেটটা আর ক্রিকেট থাকে না। ম্যাচ হারলেও সমস্যা নেই, কিন্তু ক্রিকেটটা ক্রিকেটের মতো হওয়া উচিত ছিল।

শেষ বলে ছক্কা হজমের মুহূর্তে তার মনে পড়ে যায় ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালের স্মৃতি। সেবার শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় ভারতের কাছে হেরে কান্নায় ভেঙে পড়েছিল বাংলাদেশ দল। 

সেই স্মৃতি টেনে লিটন বলেন, সেইম কাভারের উপর দিয়ে ছয়। তবে এটাই ক্রিকেট। আপস অ্যান্ড ডাউনস থাকবেই।

রংপুর রাইডার্সের ভক্ত ও মালিকপক্ষের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন লিটন। 
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা কোয়ালিফায়ার থেকে বাদ পড়েছি। যদি বিশ্বকাপে যাই, এই বিরতিটা কাজে লাগবে।

বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এমন অনিশ্চয়তা যে আদর্শ নয়, সেটি লিটনও স্বীকার করেন। তবে অধিনায়ক হিসেবে সীমাবদ্ধতার কথাও মনে করিয়ে দেন। 

তার ভাষায়, জীবনে অনেক কিছুই আদর্শ নয়। পরিস্থিতি অনুযায়ী সেটাকে মেনে নিতে হয়।

এই মুহূর্তে কোথায় খেলবে, কার বিপক্ষে খেলবে, আদৌ খেলবে কি না- এই প্রশ্নের উত্তর না জেনেই অপেক্ষায় জাতীয় দলের ক্রিকেটাররা। 

লিটনের কথায়, আমার মতো পুরো বাংলাদেশই এখন অনিশ্চয়তার মধ্যে আছে। বিশ্বকাপের এই ধোঁয়াশা কাটলে হয়তো বিপিএলের শেষ বলের ক্ষতও দ্রুত ভুলে যেতে পারবেন তারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়