News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ১৮ জানুয়ারি ২০২৬

বিসিবির গ্রুপ বদলের প্রস্তাব ফিরিয়ে দিল আয়ারল্যান্ড

বিসিবির গ্রুপ বদলের প্রস্তাব ফিরিয়ে দিল আয়ারল্যান্ড

ফাইল ছবি

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই অবস্থার মধ্যে বিকল্প সমাধান খুঁজতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় বিসিবির সঙ্গে বৈঠকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধি দল। 

তবে বৈঠকে বিসিবির প্রস্তাবিত ‘গ্রুপ অদলবদল’ পরিকল্পনায় কার্যত কোনো অগ্রগতি হয়নি। ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা নির্ধারিত গ্রুপ কিংবা ভেন্যু পরিবর্তনে রাজি নয়।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে বিসিবি আবারও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার অবস্থান তুলে ধরে। একই সঙ্গে লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথাও আলোচনায় আনে বোর্ড। বিসিবির যুক্তি ছিল, এতে ভেন্যু পরিবর্তনের ঝামেলা তুলনামূলকভাবে কমবে এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা সহজ হবে। তবে আইসিসি কিংবা আয়ারল্যান্ড— কোনো পক্ষ থেকেই এই প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি।

বৈঠকের পর ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, আইসিসির কাছ থেকে তারা ‘চূড়ান্ত নিশ্চয়তা’ পেয়েছেন যে বিশ্বকাপের মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

তার ভাষায়, আমরা আইসিসির কাছ থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছি— সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলছি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর সব ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুতে। 

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো নির্ধারিত রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবেই উত্থাপন করে বিসিবি। 

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

বৈঠক শেষে এক বিবৃতিতে বোর্ড জানায়, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’ 

তবে বাস্তবে সেই প্রস্তাব আইসিসি কিংবা ক্রিকেট আয়ারল্যান্ড— কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত মিলছে।

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার সময় আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো সভায় বিশেষ গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করে বিসিবি।

এই বৈঠকে আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনারও সরাসরি ঢাকায় আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। 

বিসিবির পক্ষে সভায় অংশ নেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

সব পক্ষের অবস্থান অপরিবর্তিত থাকলেও, বিসিবি জানিয়েছে, বিষয়টি এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। ফলে ভবিষ্যতেও আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। 

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়