News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১২ মে ২০২৬

আগে দেখতাম সবাই আ. লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব

আগে দেখতাম সবাই আ. লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘সিম্পলি সাঈদ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না বলেও জানান। নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন প্রচলিত ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন।

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর থেকে এখনো দেশে ফেরেননি এই ক্রিকেটার। ভবিষ্যতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবে, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।

নির্বাচনে অংশ নেওয়ার পেছনে কোনো নিরাপত্তাজনিত শঙ্কা কাজ করেছিল কি না এমন প্রশ্নের উত্তরে আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি। সাকিব বলেন, আমি কখনো মাগুরায় সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরায় ফয়সালই ছিলাম। তার এই বক্তব্যে নিজের শেকড় ও এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে আসে।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে পর্তুগাল: মরিনিও

উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার সেই আলোচনা আরও জোরালো করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়