অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দেশে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী ২ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ও সার্বিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আলোচনা হয়। বর্তমানে আংশিক চালু থাকা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালুরও নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নীলফামারী সদর উপজেলায় হাসপাতালটি নির্মাণ করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা’ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এর আগে গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।
ওই প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত আধুনিক ছয়টি শিশু হাসপাতাল দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
বৈঠকে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে প্রায় দুই কোটি মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। সীমিত অবকাঠামো ও দক্ষ জনবলের অভাবে জটিল রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: মব কালচার বন্ধে আইন যুগোপযোগী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে এটি উত্তরাঞ্চলের জন্য একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে এবং উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








