ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব
ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সময় গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব।
বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
পশ্চিমা দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, গত মার্চে সৌদি আরব ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায়। ইরানের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এসব হামলা পরিচালনা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনাকে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সৌদি আরবের সরাসরি সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে। হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
পশ্চিমা আরেক কর্মকর্তা জানান, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। পরে কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা প্রশমনের উদ্যোগে দুই দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
গত ৭ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর প্রায় এক সপ্তাহ আগেই সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কমতে শুরু করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন: ইরানে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








