নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৭, ১৩ মে ২০২৬

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে থাকায় মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই ঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৭ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬১৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে গত দুই মাসে (১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত) দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে ১২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবের পর থেকে বুধবার পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫০ জনে। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৫৬ জন। আক্রান্তদের বড় অংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন: হামে মৃত্যু বেড়ে ৪২৪: ২৪ ঘণ্টায় আরও ৯ প্রাণহানি

মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগ বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৬৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩৬৩ জন। সব মিলিয়ে দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন দুইজন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।

হাসপাতালভিত্তিক পরিস্থিতিও এখনো চাপের মধ্যে রয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ও নিশ্চিত আক্রান্ত হিসেবে মোট ৩৮ হাজার ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। তবে প্রতিদিন নতুন রোগী বাড়তে থাকায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও শিশু ওয়ার্ডে চাপ অব্যাহত রয়েছে বলে স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও এখনো দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে টিকা গ্রহণের ঘাটতি রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে আক্রান্তের হার বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত উপসর্গ শনাক্ত করা, আক্রান্ত শিশুকে আলাদা রাখা এবং সময়মতো হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়