পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় আমাদের জন্য ভালো: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় আমাদের জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন এবং এডুকেশন এক্সপো ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আছে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় তথা শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।
এহছানুল হক মিলন আরও বলেন, পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে যোগ্যদের পড়াশোনার সুযোগ দেবে। বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেওয়ার জন্যও তিনি উৎসাহ দেন।
তিনি জানান, পাকিস্তানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মান আন্তর্জাতিক পর্যায়ে ভালো এবং সেখানে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে। আল্লামা ইকবাল স্কলারশিপ কার্যক্রম সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সহকারী প্রক্টরের পদ ছাড়লেন ‘মোনামী ম্যাম’
তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে দুই দেশের শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








