২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে পর্তুগাল: মরিনিও
ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে হোসে মরিনিওর মতে এগিয়ে রয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। তার দাবি, দলটি বর্তমানে টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান স্কোয়াড।
সম্প্রতি ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসউইক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনিও এ মন্তব্য করেন।
তিনি বলেন, পর্তুগাল সবকিছু করতে সক্ষম। তাদের বর্তমান প্রজন্ম অসাধারণ। আমরা ইউরো জিতেছিলাম, তবে এই দলটি টেকনিক্যালি আরও শক্তিশালী।
মরিনিও আরও বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা শক্ত প্রতিদ্বন্দ্বী হলেও পর্তুগালের বিশ্বকাপ জয়ের পূর্ণ সামর্থ্য রয়েছে।
পর্তুগাল জাতীয় ফুটবল দল দলে বর্তমানে মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন ব্রুনো ফের্নান্দেজ, বার্নান্দো সিলভা, ভিটিনিয়া এবং রাফায়েল লিয়াও–এর মতো তারকা ফুটবলাররা। পাশাপাশি দলের বড় ভরসা হিসেবে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপে পর্তুগাল তুলনামূলক সহজ গ্রুপে খেলবে। তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে কঙ্গোর, এরপর উজবেকিস্তান এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে।
বর্তমানে স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে দারুণ ফর্মে রয়েছে পর্তুগাল। গত ১০ ম্যাচে মাত্র একটিতে হার দেখেছে দলটি। এর মধ্যে উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছে তারা।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডে জ্যোতির নেতৃত্বে টাইগ্রেসরা
বিশেষজ্ঞদের মতে, মার্তিনেজের অধীনে পর্তুগাল এখন আরও গতিময়, ভারসাম্যপূর্ণ ও কৌশলগতভাবে পরিণত একটি দলে পরিণত হয়েছে, যা বিশ্বকাপে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








