স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৩১, ১২ মে ২০২৬

রূপপুর-পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী

রূপপুর-পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 তিনি বলেছেন, এসব প্রকল্পে অতিরিক্ত ব্যয় না হলে আরও ভালো কিছু করা সম্ভব ছিল।

সোমবার (১১ মে)  জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে। সরকার পুলিশ বাহিনীকে সত্যিকারের জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে, তার অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর।

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস করা যাবে না। তাদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

তারেক রহমান বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সততা, মেধা ও দক্ষতাকেই পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি করা হবে।

আরও পড়ুন: দুপুর ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ করলে সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গঠনের পথে দেশ আরও একধাপ এগিয়ে যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়