বিপিএলে ১৬ কোটি টাকার ক্ষতি, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম
ছবি: সংগৃহীত
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে গিয়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জবাব চেয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তামিম।
তিনি বলেন, দুইটা ফ্র্যাঞ্চাইজি একটি মৌসুম খেলে ফেলেছে অথচ তাদের সঙ্গে কোনো চুক্তিই হয়নি। এটাকে শুধু ভুল বললে হবে না। অবশ্যই এর জবাবদিহিতা থাকতে হবে।
তামিম আরও বলেন, কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নেওয়া হয়েছে, কেন একটি দলকে ফ্র্যাঞ্চাইজি না দিতে বলা হলেও পরে দেওয়া হয়েছে এসব বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
বর্তমান বিসিবি সভাপতি বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চান না, তবে ভুল হলে তার দায় নিতে হবে।
তার ভাষ্য, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলছি। কেউ যদি ভুল করে থাকে, তাহলে তাকে জবাবদিহিতা করতে হবে। আমি যদি এখন কোনো ভুল করি, তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।
গত বিপিএলে আর্থিক ক্ষতির বিষয়ে তামিম বলেন, পুরোপুরি নিশ্চিত না, তবে গত বিপিএলে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা ক্ষতি হতে পারে।
আরও পড়ুন: বিপিএল ফিক্সিংয়ের প্রমাণ, ক্রিকেটারসহ ৪ জনের শাস্তি
এ সময় দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ব্যবস্থাপনা নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আপনি কাল সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








