রাজধানীতে বসছে ২৭ কোরবানির পশুর হাট
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি হাটে পশু কেনাবেচা হবে।
দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হাটগুলোর ইজারাদার নির্ধারণে ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, এবার দক্ষিণ সিটি এলাকায় ১১টি অস্থায়ী পশুর হাট বসবে। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সারুলিয়া স্থায়ী পশুর হাটে এবার কোরবানির পশু বিক্রি হবে না।
তিনি বলেন, প্রথমে প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তিতে সারুলিয়া হাটের নাম থাকলেও পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে সেটি বাদ দেওয়া হয়েছে।
ডিএসসিসির ১১টি হাটের মধ্যে ৯টিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর পাওয়া গেছে। বাকি দুটি হাটের দর সন্তোষজনক না হওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হতে পারে বলেও জানান তিনি।
দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলো বসবে পোস্তগোলা, উত্তর শাহজাহানপুর, রহমতগঞ্জ, আমুলিয়া, শ্যামপুর-কদমতলী, আফতাব নগর, কাজলা-মাতুয়াইল, দয়াগঞ্জ-জুরাইন, বনশ্রী, ব্রাদার্স ইউনিয়ন এলাকা এবং গোলাপবাগে।
অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ডিএনসিসি এলাকায় আরও ১৫টি অস্থায়ী হাট বসবে। এসব হাটের স্থান নির্ধারণ করা হয়েছে মিরপুর, কালশী, মেরুল বাড্ডা, পূর্ব হাজীপাড়া, মোহাম্মদপুর বছিলা, উত্তরা দিয়াবাড়ি, রানাভোলা, কাঁচকুড়া, ভাটারা, মহাখালী ও বসুন্ধরা এলাকায়।
ডিএনসিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাতটি হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর পাওয়া গেছে। বাকি দরপত্র যাচাই-বাছাই শেষে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দুই সিটি করপোরেশন সূত্র জানায়, ঘোষিত ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। তবে নির্ধারিত সময়ের আগেই কিছু হাটে পশু বিক্রি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ভুয়া সন্দেহে ভ্যাট পরিদর্শককে খুঁটিতে বেঁধে গণপিটুনি
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে বিপুলসংখ্যক পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এবারও বাড়তি প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে অস্থায়ী হাটগুলোতে নিরাপত্তা, পানি সরবরাহ, বর্জ্য অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








