গর্ভের সন্তানের লিঙ্গ জানানো যাবে না, হাইকোর্টের রায় প্রকাশ
ছবি: সংগৃহীত
ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট বিভাগ। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার (১১ মে) প্রকাশিত হয়েছে।
রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সংবিধানবিরোধী। আদালতের মতে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের পরিপন্থি এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেরও লঙ্ঘন।
আদালত আরও পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। শুধু নীতিমালা তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না; বরং বাস্তবায়ন, ডিজিটাল মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রয়োজন।
রায়ে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ছয় মাসের মধ্যে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি ও নিয়মিত হালনাগাদ করতে হবে। এতে গর্ভের ভ্রূণসংক্রান্ত ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
আদালত মন্তব্য করেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কন্যাশিশুর প্রতি বৈষম্য এবং সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের একাধিক অনুচ্ছেদের পরিপন্থি।
এ নির্দেশনাকে আদালত ‘নিরবচ্ছিন্ন নির্দেশনা’ হিসেবে ঘোষণা করেছেন, যাতে এর বাস্তবায়ন নিয়মিতভাবে তদারকির আওতায় থাকে।
আরও পড়ুন: হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ বিষয়ে রিট আবেদন দায়ের করেন। শুনানিতে তার সঙ্গে ছিলেন আইনজীবী তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








