সোলার বিদ্যুতে চলবে দেশের কারাগার, বাড়তি বিদ্যুৎ যাবে গ্রিডে
ছবি: সংগৃহীত
দেশের কারাগারগুলোতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রতিটি কারাগারের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কারাগারের নিজস্ব চাহিদা পূরণ করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্প বাস্তবায়নে গত ৫ মে প্রিজন ডিরেক্টরেটের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। একই সঙ্গে কারাগারগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদাও পূরণ করা হবে।
কারা অধিদপ্তর জানায়, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে সরকারের বিদ্যুৎ খাতে ব্যয় কমবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারের সাম্প্রতিক নির্দেশনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটিতে কারাগার বা সরকারের কোনো আর্থিক বিনিয়োগ নেই। এটি পুরোপুরি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: সংকট কাটিয়ে ফের চালু হচ্ছে ডিএপি সার কারখানা
কারা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এ ধরনের বহুমুখী উদ্যোগের মাধ্যমে দেশের কারাগারগুলোকে আরও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কার্যক্রম চলমান থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








