অ্যাপলের বিরুদ্ধে মামলা করল কানাডার সফটওয়্যার প্রতিষ্ঠান ‘রেভ’
ছবি: সংগৃহীত
অ্যাপলের বিরুদ্ধে মামলা করল কানাডার সফটওয়্যার প্রতিষ্ঠান ‘রেভ’
বহুজাতিক মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে কানাডাভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান রেভ। মামলায় অ্যাপ স্টোরে তাদের অ্যাপ পুনরায় চালুর অনুমতি এবং কয়েকশ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
রেভ এমন একটি অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে ভিডিও দেখতে এবং আলোচনা করতে পারেন। অ্যাপটি আইফোন ছাড়াও অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারে ব্যবহার করা যায়। তবে বর্তমানে এটি অ্যাপলের অ্যাপ স্টোরে নেই।
মামলায় রেভের অভিযোগ, ২০২৫ সালে অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে রেভ অ্যাপ সরিয়ে দেয়। আনুষ্ঠানিকভাবে কারণ হিসেবে ‘অসৎ বা প্রতারণামূলক কার্যক্রমের’ অভিযোগ আনা হলেও তাদের দাবি, আসল কারণ ছিল ব্যবসায়িক প্রতিযোগিতা।
রেভের দাবি, অ্যাপল ২০২১ সালে ‘শেয়ারপ্লে’ নামে একই ধরনের একটি ফিচার চালু করার পর থেকেই তাদের অ্যাপকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা শুরু করে। প্রতিষ্ঠানটির মতে, রেভ মূলত বিজ্ঞাপনভিত্তিক মডেলে পরিচালিত হওয়ায় অ্যাপলের ইন-অ্যাপ পারচেজ কমিশন কাঠামোতে বড় কোনো আয় তৈরি করত না।
রেভের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল পাজারাটজ এক বিবৃতিতে বলেন, অ্যাপল ভোক্তাদের পছন্দ সীমিত করেছে এবং আইফোন ব্যবহারকারীদের বিভিন্ন প্ল্যাটফর্মে একসঙ্গে ভিডিও দেখার সুযোগ বাধাগ্রস্ত করেছে।
অন্যদিকে অ্যাপল অভিযোগগুলো অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, বারবার নীতিমালা লঙ্ঘনের কারণে রেভকে অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে। অ্যাপলের অভিযোগ, ওই অ্যাপে পর্নোগ্রাফিক ও পাইরেটেড কনটেন্ট শেয়ার করা হচ্ছিল এবং শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট নিয়েও অভিযোগ পাওয়া গেছে।
তবে রেভ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা অবৈধ বা ক্ষতিকর কনটেন্টের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে। একই সঙ্গে তাদের দাবি, কোনো স্বচ্ছ বা ন্যায্য প্রক্রিয়া ছাড়াই অ্যাপল তাদের অ্যাপ সরিয়ে দিয়েছে।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, কানাডা, নেদারল্যান্ডস, ব্রাজিল ও রাশিয়াতেও একই ধরনের প্রতিযোগিতাবিরোধী অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রেভ।
আরও পড়ুন: বিশ্ববাজারে শীর্ষে আইফোন ১৭, অ্যাপলের নতুন এয়ারপডে আসছে ক্যামেরা
বিশ্লেষকদের মতে, অ্যাপ স্টোর নিয়ন্ত্রণ ও কমিশন নীতি নিয়ে বিশ্বজুড়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়ছে। এতে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অ্যাপ মার্কেট ব্যবস্থায় ভবিষ্যতে বড় পরিবর্তন আসতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








