News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৯, ৫ মে ২০২৬

মানুষের মতো রোবট তৈরিতে বড় পদক্ষেপ মেটার

মানুষের মতো রোবট তৈরিতে বড় পদক্ষেপ মেটার

ছবি: সংগৃহীত

মানুষের মতো আচরণ করতে সক্ষম রোবট প্রযুক্তি উন্নয়নে বড় অগ্রগতি নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এ লক্ষ্যেই ‘অ্যাসিউরড রোবট ইন্টেলিজেন্স’ (এআরআই) নামের একটি স্টার্টআপ অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

মেটার ভাষ্য অনুযায়ী, এআরআই এমন প্রযুক্তি নিয়ে কাজ করছিল যা রোবটকে মানুষের আচরণ বুঝতে, ভবিষ্যৎ পরিস্থিতি অনুমান করতে এবং পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম করে। অর্থাৎ শুধু নির্দেশনা অনুসরণ নয়, পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরির দিকেও কাজ করছিল তারা।

অধিগ্রহণের পর এআরআইয়ের প্রতিষ্ঠাতা দল ও গবেষকেরা মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগে যুক্ত হবেন। তারা কাজ করবেন মেটার ‘সুপারইনটেলিজেন্স ল্যাবস’ নামের গবেষণা ইউনিটে, যেখানে ভবিষ্যতের উন্নত এআই প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে।

এআরআই মূলত ‘ফাউন্ডেশন মডেল’ উন্নয়নে কাজ করছিল। এই ধরনের মডেল বৃহৎ পরিসরের এআই সিস্টেম, যা বিভিন্ন কাজ শেখার ভিত্তি তৈরি করে। এর মাধ্যমে ভবিষ্যতে রোবটকে ঘরের কাজসহ বিভিন্ন শারীরিক ও বাস্তবভিত্তিক কাজ শেখানো সম্ভব হবে।

স্টার্টআপটির সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন গবেষক শিয়াওলং ওয়াং ও লেরেল পিন্টো। তারা আগে এনভিডিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো এবং নিউইয়র্ক ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। তাদের গবেষণা রোবটকে বাস্তব পরিবেশে শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেটা জানিয়েছে, এআরআইয়ের প্রযুক্তি তাদের মানবসদৃশ রোবট তৈরির পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে। বিশেষ করে পুরো শরীর নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় শেখা এবং বাস্তব পরিবেশে কাজ করার সক্ষমতা বৃদ্ধিতে এই টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেটা দীর্ঘদিন ধরেই হিউম্যানয়েড রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। গত বছর ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ নথিতে ভোক্তা পর্যায়ে ব্যবহারযোগ্য রোবট তৈরির পরিকল্পনার কথাও জানা যায়।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) অর্জনে বাস্তব জগতে শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এজিআই এমন একটি এআই ব্যবস্থা, যা মানুষের মতো বিভিন্ন ধরনের কাজ করতে পারে।

আরও পড়ুন: বিডিনগের সভাপতি ফখরুল আলম, মহাসচিব বরকতুল আলম বিপ্লব

প্রযুক্তি খাতে বর্তমানে মানবসদৃশ রোবট নিয়ে বিনিয়োগ দ্রুত বাড়ছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, আগামী এক থেকে দুই দশকের মধ্যে এই খাত বহুগুণ সম্প্রসারিত হয়ে একটি বড় শিল্পে পরিণত হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়