News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৫ মে ২০২৬
আপডেট: ১০:০৮, ৫ মে ২০২৬

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরতের নির্দেশ

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরতের নির্দেশ

ছবি: সংগৃহীত

দুর্ঘটনা, অসুস্থতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত হজ ফ্লাইটে যাত্রা করতে না পারলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরত দিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম গত বৃহস্পতিবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেন। চিঠিটি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী কোনো হজযাত্রী দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে না পারলে তাকে “প্রতিস্থাপন সুবিধা” দিতে হবে। প্রয়োজনে বিমান ভাড়ার অর্থ ফেরতের ব্যবস্থাও করতে হবে।

এছাড়া, একই কারণে কোনো হজযাত্রীর সঙ্গে নিবন্ধিত পরিবারের সদস্যরা যাত্রা করতে না পারলে তাদের ক্ষেত্রেও প্রতিস্থাপন সুবিধা ও টিকিটের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিস্থাপনের কারণে এয়ারলাইনসের নির্ধারিত হজ কোটা কোনোভাবেই পরিবর্তন হবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে অসুস্থতা বা নির্ধারিত সময়ে ফ্লাইট মিস করার কারণে কিছু যাত্রী যাত্রা করতে পারেননি।

আরও পড়ুন: সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে ফ্লাইট মিস করা হজযাত্রীরা আর্থিকভাবে উপকৃত হবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়