নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন
ছবি: সংগৃহীত
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পর সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমানটি অবতরণের সময় এর চাকার অংশে আগুন ধরে যায়। ওই ফ্লাইটে ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন।
টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭২৬ ফ্লাইটটি রাতের দিকে তুরস্কের ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে ভোরে কাঠমান্ডুতে পৌঁছায়। অবতরণের সময় হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তা সত্ত্বেও বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে। এরপর দ্রুত বিমানবন্দরের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এবং সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অতীতেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০১০ সালের পর থেকে সেখানে বেশ কয়েকটি বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। গত বছরও একই বিমানবন্দরে একটি দুর্ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান
বিমানবন্দরটি ‘টেবিল টপ’ ধরনের, অর্থাৎ আশপাশের এলাকার তুলনায় উঁচু স্থানে রানওয়ে অবস্থিত। এ ধরনের বিমানবন্দর অবতরণের ক্ষেত্রে পাইলটদের বাড়তি সতর্কতা ও দক্ষতার প্রয়োজন হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








