গভীর রাতে ভূমিকম্প, মিয়ানমারের সঙ্গে কাঁপল বাংলাদেশ
ফাইল ছবি
মিয়ানমারে ৫মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গভীর রাতে কম্পন টের পান মানুষ।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল নির্ণয় করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার প্রায় ১১ কিলোমিটার দূরে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গভীর রাতে আকস্মিক কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শনিবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। যদিও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে জনমনে সাময়িক আতঙ্ক তৈরি হয়।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যে ভূমিকম্পটির মাত্রা ও কেন্দ্রস্থল নিয়ে কিছুটা পার্থক্য দেখা গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটির মাত্রা ৪.৫ বলে জানিয়েছে। অন্যদিকে ইউএসজিএস এর মাত্রা ৪.৪ উল্লেখ করেছে।
এ ছাড়া ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়। ভূমিকম্পটির গভীরতা কম হওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে কম্পন বেশি অনুভূত হয়।
আরও পড়ুন: অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক সেকেন্ড স্থায়ী মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








