ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দল থেকে বাদ যেসব তারকা
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। সেই দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে চোটের কারণে বাদ পড়েছেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।
ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া প্রাথমিক তালিকায় নেইমারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে ডান উরুর পেশিতে চোট পাওয়ায় শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি ১৯ বছর বয়সী এস্তেভাওয়ের।
গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে চোট পান এস্তেভাও। শুরুতে আশা করা হয়েছিল, বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে ব্রাজিল ও চেলসির মেডিক্যাল দল তার শতভাগ ফিটনেস নিয়ে নিশ্চিত হতে পারেনি।
প্রতিবেদন অনুযায়ী, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে যাওয়ার সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল বলেও জানা গেছে।
ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মে’র মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। পরবর্তীতে এই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।
এদিকে ৩৪ বছর বয়সী নেইমারের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক ফুটবলে বড় প্রত্যাবর্তনের মঞ্চ। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড আনচেলত্তির অধীনে আগের কোনো স্কোয়াডে জায়গা পাননি। ফলে তার প্রাথমিক দলে ফেরা নতুন করে আলোচনা তৈরি করেছে।
আরও পড়ুন: দেশের মাটিতে প্রথমবার পাকিস্তান বধ, টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
গত গ্রীষ্মে প্রায় ২৯ মিলিয়ন পাউন্ডে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেন এস্তেভাও। নতুন ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে তিনি করেছেন ৮ গোল।
এস্তেভাও ছাড়াও গুরুতর চোটের কারণে বিশ্বকাপ মিস করতে পারেন এদের মিলিতাও ও রদ্রিগো। রিয়াল মাদ্রিদ-এর এই দুই তারকাও আনচেলত্তির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








