News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ২৫ জানুয়ারি ২০২৬

বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক

বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক

ইশতিয়াক সাদেক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। 

শনিবার (২৪ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত বর্তমান বোর্ডের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় তিনি উপস্থিত ছিলেন না। ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার বিষয়টি উল্লেখ করে ইশতিয়াক সাদেক এই সিদ্ধান্তের কথা সহকর্মীদের জানিয়েছেন। বিশেষ করে গেম ডেভেলপমেন্ট বিভাগসহ বোর্ডের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন ইশতিয়াক সাদেক। নির্বাচনের পরদিনই তাঁকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

ইশতিয়াক সাদেক বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। দেশের ক্রিকেটের এমন ক্রান্তিকালে বিসিবি পরিচালকদের ভূমিকা নিয়েও নানা আলোচনা ও বিতর্ক সামনে আসছে।

এর আগে ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আরেক পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এর মধ্যেই ইশতিয়াক সাদেকের পদত্যাগ বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে চলমান অস্থিরতাকে আরও সামনে নিয়ে এলো।

আরও পড়ুন: `বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিচ্ছে আইসিসি`

উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হন ইশতিয়াক সাদেক। তিনি এতদিন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়