বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলন
অ্যাডাম মিলন। ছবি: সংগৃহীত
বাম হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পাওয়ায় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলন।
রবিবার (১৮ জানুয়ারি) এসএ২০ লিগে বোলিং করার সময় চোট পান মিলন, পরে স্ক্যানে তার হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
মিলনের পরিবর্তে অলরাউন্ডার পেসার কাইল জেমিসনকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেমিসন ইতোমধ্যেই ব্ল্যাকক্যাপসের সাদা বলের ভারত সফরের দলে ছিলেন এবং আগে বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে মনোনীত ছিলেন।
ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, অ্যাডামের চোটে আমরা সবাই হতাশ। সে টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছে এবং দারুণ ফর্মে ছিল। তার দ্রুত সুস্থতা কামনা করি।
তিনি জেমিসন সম্পর্কে বলেন, কাইল ইতোমধ্যেই আমাদের সঙ্গে ভারতে আছে, যা দলের জন্য বড় সুবিধা। সে আমাদের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বকাপে খুব কাজে আসবে।
আরও পড়ুন: আইসিসি থেকে সুবিচার পায়নি বাংলাদেশ: আসিফ নজরুল
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৬তম ট্রাভেলিং রিজার্ভ খেলোয়াড়ের নাম শিগগিরই ঘোষণা করা হবে। ভারতের ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ব্ল্যাকক্যাপসরা শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলবে, তবে মিলনের ছিটকে যাওয়া বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








