News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ২০ জানুয়ারি ২০২৬

র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন নেই, ১৮০ নম্বরেই বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন নেই, ১৮০ নম্বরেই বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ১৮০তম স্থানেই রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৫ সালের নভেম্বরের পর ফিফার কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় বেশিরভাগ দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ে গত ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়ে দীর্ঘ ২২ বছর পর বড় সাফল্য পায় বাংলাদেশ পুরুষ ফুটবল দল। সেই জয়ের সুবাদে নয় বছরের মধ্যে সেরা র‍্যাঙ্কিং হিসেবে ১৮০তম স্থানে উঠে আসে হামজা-জামালরা। ডিসেম্বরে যেমন অবস্থান অপরিবর্তিত ছিল, সোমবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও একই জায়গায় রয়েছে বাংলাদেশ।

ফিফা উইন্ডো না থাকায় শীর্ষ দলগুলোর অবস্থানেও পরিবর্তন হয়নি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে যথাক্রমে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পর্তুগাল ও নেদারল্যান্ডসও আগের মতোই ছয় ও সাত নম্বরে অবস্থান করছে।

তবে অষ্টম স্থান থেকে নিচের দিকে র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে, যার প্রধান কারণ সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন)। মহাদেশীয় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে মরক্কোকে।

এই টুর্নামেন্টের প্রভাবে মরক্কো তিন ধাপ এগিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিং। এর আগে ১৯৯৮ সালের এপ্রিলে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল দশম। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে নজর কাড়ার পর এবারই প্রথম এক অঙ্কের র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিল উত্তর আফ্রিকার দলটি।

অন্যদিকে, আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল সাত ধাপ উন্নতি করে উঠে এসেছে ১২তম স্থানে। এটিও দেশটির ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিং। এর আগে ২০২৪ সালে সেনেগালের সেরা অবস্থান ছিল ১৭তম।

মরক্কোর উন্নতির ফলে এক ধাপ করে পিছিয়েছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। দলগুলো নেমে গেছে যথাক্রমে নবম, দশম ও একাদশ স্থানে।

আরও পড়ুন: বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

আফকনের প্রভাবে সবচেয়ে বড় উন্নতি হয়েছে নাইজেরিয়া ও ক্যামেরুনের। ব্রোঞ্জজয়ী নাইজেরিয়া উঠে এসেছে ২৬তম স্থানে এবং ক্যামেরুন ১২ ধাপ এগিয়ে অবস্থান করছে ৪৫তম স্থানে। এ ছাড়া আলজেরিয়া ছয় ধাপ এগিয়ে ২৮তম, মিশর চার ধাপ এগিয়ে ৩১তম এবং আইভরিকোস্ট পাঁচ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়