জটিলতা কাটিয়ে ফিরছে বিপিএল: স্থগিত হওয়া ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের সুখবর
ছবি: সংগৃহীত
দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের বয়কট, ম্যাচ স্থগিত, দর্শকদের হতাশা এবং দিনভর অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মধ্যে বৈঠকের মাধ্যমে সব জটিলতার সমাধান হয়েছে।
এর ফলে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্বের খেলা।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুটি ম্যাচই মাঠে গড়ায়নি। দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ এবং সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কারণে স্থগিত হয়ে যায়। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা ম্যাচ বর্জনের ঘোষণা দিলে পুরো পরিস্থিতি নাটকীয় মোড় নেয়।
খেলা শুরু না হলেও নির্ধারিত সূচি অনুযায়ী বহু দর্শক স্টেডিয়ামে উপস্থিত হন। কেউ কেউ গ্যালারিতেও প্রবেশ করেন, আবার বড় একটি অংশ স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করেন। পরে খেলা না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ দর্শকদের একটি অংশ ভাঙচুরে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে।
এই টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার রাতভর কোয়াব সদস্যদের সঙ্গে বিসিবির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি জানায়, সব জটিলতা কাটিয়ে বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থগিত হওয়া ম্যাচ, পরিবর্তিত সূচি এবং দর্শকদের টিকিট সংক্রান্ত বিষয়েও বিস্তারিত ঘোষণা দেওয়া হয়।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। যারা ১৬ জানুয়ারির ম্যাচের জন্য আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তারা সেই টিকিট দিয়েই শুক্রবার মাঠে খেলা উপভোগ করতে পারবেন—যদিও সেদিন অনুষ্ঠিত হবে আগের দিনের স্থগিত ম্যাচ।
আরও পড়ুন: বিপিএলের নতুন সূচি ঘোষণা
এদিকে, ১৫ জানুয়ারির ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বিসিবি। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ওই দিনের টিকিট কেনা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দর্শকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, যারা ১৫ জানুয়ারি বিপিএলের নির্ধারিত ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা টিকিটের পুরো অর্থ ফেরত পাবেন। অর্থ ফেরতের জন্য দর্শকদের বিসিবির অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইট www.gobcbticket.com.bd/en-এ প্রবেশ করতে অথবা +880 9606-501231 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। তবে ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে। লিগপর্ব শেষ হবে ১৮ জানুয়ারি।
একই সঙ্গে বদলে গেছে প্লে-অফের সূচিও। লিগপর্ব শেষে একদিন বিরতি রাখতে ১৯ জানুয়ারির প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ দুটি পিছিয়ে ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দুপুর ১টায় এলিমিনেটর এবং সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। তবে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার অপরিবর্তিত রয়েছে। সবশেষে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের দ্বাদশ আসরের।
বিসিবি জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী বাকি সব ম্যাচ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এবং সমর্থকরা আগের মতোই টিকিট সংগ্রহ করতে পারবেন।
সব মিলিয়ে, দর্শকদের হতাশা, ক্রিকেটারদের আন্দোলন এবং প্রশাসনিক টানাপোড়েনের মধ্য দিয়ে বিপিএলের ঢাকা পর্বে তৈরি হওয়া অচলাবস্থার অবসান ঘটেছে। মাঠে ফিরছে ক্রিকেট, একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে দর্শকদের টিকিটের অর্থ ফেরত—যা বিপিএলকে ঘিরে তৈরি হওয়া সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








