বিপিএলের নতুন সূচি ঘোষণা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সূচিতে বড় পরিবর্তন এনেছে। তিন ভেন্যুর বদলে এবার টুর্নামেন্টটি শুধু ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ম্যাচগুলো বাতিল হওয়ায় নতুন করে সূচি সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার বিপিএলে দ্বিতীয় দফায় বড় ধরনের বিপত্তি দেখা দেয়। ক্রিকেটারদের বেতন ও অন্যান্য দাবির কারণে দিনের দুটি ম্যাচই স্থগিত হয়। প্রথম ম্যাচ স্থগিত হওয়ার পর বিসিবি চেয়েছিল অন্তত দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াতে, তবে ক্রিকেটাররা সম্মতি না দেওয়ায় পুরো বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
এ পরিস্থিতির মধ্যে বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে সরিয়ে দেন। এরপর কোয়াব সদস্যদের সঙ্গে বৈঠকের পর জানানো হয়, আজ শুক্রবার থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়ালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ হওয়া ছিল। স্থগিত হওয়া ওই ম্যাচ দুটি আজ যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। একই কারণে আজ ও আগামীকালের ম্যাচগুলো একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লিগপর্ব শেষ হবে এই সূচি অনুযায়ী।
প্লে-অফ সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। লিগপর্বের পর একদিন বিরতির কারণে ১৯ জানুয়ারির দুইটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারির দ্বিতীয় কোয়ালিফায়ার অপরিবর্তিত থাকছে। ফাইনাল ২৩ জানুয়ারি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে এবারের বিপিএল
পরিবর্তিত সূচি (সংক্ষিপ্ত)
১৬ জানুয়ারি: চট্টগ্রাম রয়ালস বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ২টা), রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স (সন্ধ্যা ৭টা)
১৭ জানুয়ারি: রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা), চট্টগ্রাম রয়ালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা)
১৮ জানুয়ারি: রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা), চট্টগ্রাম রয়ালস বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা)
প্লে-অফ: ২০ জানুয়ারি–এলিমিনেটর (দুপুর ১টা), প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা); ২১ জানুয়ারি–দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা)
ফাইনাল: ২৩ জানুয়ারি (সন্ধ্যা ৭টা)
নিউজবাংলাদেশ.কম/এসবি








