News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪০, ২০ এপ্রিল ২০২৬

নিজের বাড়ির মা-বোনদের পাশে দাঁড়াতে পেরেছি: তারেক রহমান

নিজের বাড়ির মা-বোনদের পাশে দাঁড়াতে পেরেছি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রায় দুই যুগের দীর্ঘ বিরতি শেষে নিজের জন্মমাটি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে আবেগঘন মুহূর্তে গ্রামবাসীর সামনে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি স্থানীয় মা-বোনদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন।

স্মৃতিবিজড়িত বাগবাড়ীতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, প্রিয় বাগবাড়ীবাসী, প্রায় দুই যুগ পর নিজের এলাকায়, নিজের গ্রামের বাড়িতে, এই স্কুল-কলেজ মাঠে আবারও আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরেছি। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারার সুযোগ পাওয়ায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। 

তিনি আরও যোগ করেন, নিজের বাড়ির মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটি আমার দীর্ঘ ১০ বছরের একটি লালিত পরিকল্পনার সফল বাস্তবায়ন।

দেশব্যাপী নারীর ক্ষমতায়ন ও নিম্ন-আয়ের পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরে সরকারপ্রধান জানান, আজ প্রতীকীভাবে বাগবাড়ীর ৯১১ জন নারীকে এই কার্ড প্রদান করা হয়েছে। তবে পর্যায়ক্রমে যোগ্য ও তালিকাভুক্ত সব পরিবারই এই সুবিধার আওতায় আসবে বলে তিনি উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি ভবিষ্যতে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ এবং বস্তিবাসীসহ সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: আরও পড়ুন: বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এর আগে গত ২০ জানুয়ারি রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনকল্যাণমূলক রাজনীতির উত্তরাধিকারী হিসেবে নিজেকে সাধারণ মানুষের সেবক হিসেবে পরিচয় দেন। 

সেই অনুষ্ঠানে তিনি আক্ষেপের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে বলেছিলেন, আমি আগে ক্যান্টনমেন্ট এলাকায় থাকতাম। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা আমি ভুলিনি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, বগুড়ার এই ফ্যামিলি কার্ড বিতরণ সেই অঙ্গীকারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের এই ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে মূলত প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজ গ্রামের সন্তানকে দীর্ঘ সময় পর কাছে পেয়ে এবং তার হাত থেকে সরাসরি কার্ড গ্রহণ করতে পেরে বাগবাড়ীবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়