ত্রয়োদশ সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ৬ হুইপ নিয়োগ
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে সংসদীয় কার্যক্রম পরিচালনায় তাকে সহায়তার জন্য আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (০২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) অনুযায়ী রাষ্ট্রপতি নূরুল ইসলাম মনিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।
চিফ হুইপের পাশাপাশি হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন সংসদ সদস্য।
আরও পড়ুন: বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
তারা হলেন হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া, লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন। তারা সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা এবং সংসদীয় কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ঘোষিত ফলাফলের ভিত্তিতে দেখা যায়, দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে। এরপর ১৭ ফেব্রুয়ারি দলের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।
আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। নতুন চিফ হুইপ ও হুইপরা সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় এবং স্পিকারের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








