News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ও গণভোট নিয়ে তিন বাহিনী প্রধানের কড়া বার্তা

নির্বাচন ও গণভোট নিয়ে তিন বাহিনী প্রধানের কড়া বার্তা

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনি নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন আয়োজনে সরকার, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থাই আগ্রহী এবং পূর্ণ প্রস্তুত। তাই নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার কোনো অবকাশ নেই।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিন বাহিনীর প্রধানদের জেলা পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে তিন বাহিনীর প্রধান সেনা, নৌ ও বিমানবাহিনী ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সেনাপ্রধান বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য কিছু আর্থিক লেনদেন হতে পারে, যেমন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তবে তিনি আশ্বাস দেন, ভোটের দিন ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার মতো অপরাধ করলে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে যা বললেন সেনাপ্রধান

তিনি উল্লেখ করেন, অপরাধ করলে যতটুকু আইনে আছে, ততটুকু শাস্তি হবে। সবাই এ ধরনের অপরাধ করবে না।

মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে-রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে এবং তাদের সর্বদা ভয় ও আশঙ্কার মধ্যে রাখার পরিবেশ বজায় রাখতে হবে। 

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, নির্বাচনি পরিবেশকে নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে মাঠে মোতায়েন থাকাদের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কর্মসূচির আওতায় মোতায়েন সশস্ত্র বাহিনীর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

তিন বাহিনী প্রধানের এই সফরের মূল লক্ষ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজনের জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা করা। সফরে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়