News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৬, ২১ জানুয়ারি ২০২৬

বিকেলে শুরু হচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদান

বিকেলে শুরু হচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদান

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট গ্রহণ কার্যক্রম শুরু হচ্ছে 

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ভোট গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন কমিশন (ইসি) জানায়, নির্ধারিত সময়ের পর থেকে নিবন্ধিত প্রবাসী ভোটাররা কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট প্রদান সম্পন্ন করার পর সংশ্লিষ্ট পোস্টাল ব্যালট আগামী ২৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। এ ক্ষেত্রে ব্যালট সংবলিত হলুদ খাম নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা নির্ধারিত সময় থেকে অ্যাপে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কমিশন স্পষ্ট করে জানায়, ভোট দেওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে হলুদ খাম ডাকযোগে পাঠানো নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, ২২ থেকে প্রচারণা

নির্বাচন কমিশনের আরেকটি বার্তায় পোস্টাল ভোটিং ব্যবস্থার নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে। 

সেখানে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যার ফলে একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের সম্পূর্ণ গোপনীয়তাও নিশ্চিত করা হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই পোস্টাল ভোটিং ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে কমিশন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের এই প্রক্রিয়াকে নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়