সাংবাদিক কার্ড নিয়ে প্রচারিত সব আবেদন ভুয়া: ইসি
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক কার্ডের নামে যেসব কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ার কথা প্রচার করা হচ্ছে, সেগুলোর সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
তিনি বলেন, “নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যেসব আবেদন বা কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে, সেগুলোর কোনোটি নির্বাচন কমিশনের অনুমোদিত নয়। কমিশন এখনও এ বিষয়ে কোনো সার্কুলার প্রকাশ করেনি।”
রুহুল আমিন মল্লিক আরও জানান, সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে (ট্রায়াল) কিছুদিন ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে অ্যাপটি চূড়ান্ত করা হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে গণমাধ্যমকে বিস্তারিতভাবে অবহিত করবে।
আরও পড়ুন: বেতন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন মাকছুদুর রহমান
এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন, ফরম বা কাগজপত্রে অংশগ্রহণ না করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








