বেতন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন মাকছুদুর রহমান
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি জানান।
অধ্যাপক মাকছুদুর রহমান বলেন, বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। ওই কমিটি কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা জমা দেয়। তবে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব প্রস্তাবনার প্রতিফলন না থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
তিনি আরও বলেন, উপ-কমিটির সুপারিশগুলো উচ্চশিক্ষার মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসব প্রস্তাবনা যথাযথভাবে বিবেচনায় নিতে সরকার ও বেতন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








