নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে থাকার কঠোর নির্দেশ ডিএমপি প্রধানের
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো প্রকার আপস না করার কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় দল-মতের ঊর্ধ্বে থেকে একটি সুষ্ঠু, অবাধ ও ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব।
বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ সতর্কবার্তা দেন।
কমিশনার বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেক পুলিশ কর্মকর্তা যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব প্রদর্শন করেন, সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। তিনি আরও নির্দেশ দেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনি পরিবেশকে বিঘ্নিত করতে না পারে এবং কোনো ঘটনা রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার না হয়।
শেখ মো. সাজ্জাত আলী উল্লেখ করেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হবে। এজন্য প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে সতর্ক থাকতে হবে যেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
আরও পড়ুন: ইসি আপিল শুনানি: পঞ্চম দিনে ৭৩ জনের প্রার্থিতা বৈধ
তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠা এবং সাহসী, দায়িত্বশীল আচরণই একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত পরিচয়।
সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার জানান, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার ওসি এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সভায় উপস্থিত সবাইকে নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি জনগণের আস্থা এবং দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার পরীক্ষা। এজন্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব এবং নৈতিক মান বজায় রাখা অপরিহার্য।
নিউজবাংলাদেশ.কম/পলি








