News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫২, ১৪ জানুয়ারি ২০২৬

ইসি আপিল শুনানি: পঞ্চম দিনে ৭৩ জনের প্রার্থিতা বৈধ

ইসি আপিল শুনানি: পঞ্চম দিনে ৭৩ জনের প্রার্থিতা বৈধ

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির পঞ্চম দিন বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা শুনানিতে মোট ১০০ জন প্রার্থীর আপিল গ্রহণ করা হয়। এর মধ্যে ৭৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, ১৭ জনের প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে এবং ১০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) বরাত দিয়ে জানা গেছে, এ নিয়ে মোট পাঁচ দিনে ৩৮০ জন প্রার্থীর আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৭৭ জন প্রার্থীর মনোনয়ন মঞ্জুর হয়েছে, ৮১ জনের মনোনয়ন বাতিল এবং ২৩ জনের মনোনয়ন স্থগিত রয়েছে।

আগের দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৭০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছিল। সেসময় ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর হয়েছিল। সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনে ৭১টি আপিলের মধ্যে ৪১টি মঞ্জুর, ২৫টি নামঞ্জুর এবং চারটি স্থগিত রাখা হয়। রোববার (১১ জানুয়ারি) ৬৫টি আপিলে ৫৮টি অনুমোদিত এবং সাতটি নামঞ্জুর করা হয়। প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর এবং ১৫টি নামঞ্জুর হয়েছিল।

আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

এর আগের বাছাইয়ের শেষ দিনে, ৪ জানুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২,৫৬৮টি মনোনয়নপত্র পর্যালোচনা করেন। এর মধ্যে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল দাখিল করা হয়েছিল।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়