নির্বাচন ঘিরে বিদেশিদের ভিসা ব্যবস্থায় নতুন নির্দেশনা
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান এবং প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসা (Visa on Arrival) সহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে।
সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনার কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে আগমনী ভিসা ফি মওকুফ করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকালে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থানে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভিসা প্রদানে নির্দিষ্ট কিছু ব্যবস্থা অনুসরণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রযোজ্য কাগজপত্র যাচাই শেষে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে থাকছে ইইউ প্রতিনিধি দল
এছাড়া, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্রের শর্তাবলী অনুসরণ করে বিনা ভিসায় আগত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে আগমনী ভিসা প্রদান করা যাবে। তবে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার সময় আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, হোটেল বা আবাসস্থলের তথ্য, ফিরতি টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। যাচাই প্রক্রিয়ায় কোনো অনিয়ম, ব্যত্যয় বা সন্দেহ দেখা দিলে ভিসা প্রদান করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
এছাড়া নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সম্বলিত সিলসহ আগমনী ভিসা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সুপারিশ থাকলে এসব পর্যবেক্ষকের ভিসা ফি মওকুফ করা যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দরগুলোকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। এ জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হিসেবে immigrationwing@moha.gov.bd ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








