News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ১২ জানুয়ারি ২০২৬

ক্ষমতা হস্তান্তরের পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা

ক্ষমতা হস্তান্তরের পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট শেষে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কী করবেন এ নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। সম্প্রতি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নিজের নির্বাচন-পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী সময়ের কর্মপরিকল্পনা জানতে চান আকিয়ে আবে।

জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে কাজ করবেন।

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট বিশেষ করে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও গড়ে তোলা হবে।

দ্বিতীয়ত, তিনি তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখবেন, যে উদ্যোগে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

তৃতীয়ত, ‘থ্রি জিরো’ উদ্যোগ-শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ -এই তিন লক্ষ্যভিত্তিক কার্যক্রম চালিয়ে যাবেন।

আরও পড়ুন: দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিলো আমিরাত

উপ-প্রেস সচিব আরও জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা স্মৃতির কথা তুলে ধরেন।

এ সময় ড. ইউনূস জানান, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ফাউন্ডেশনটি মূলত ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করে। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে কিভাবে সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়