News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৬, ১১ জানুয়ারি ২০২৬

দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিলো আমিরাত

দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিলো আমিরাত

ফাইল ছবি

জুলাই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালনের দায়ে দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার  (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন। তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালন করেন। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেফতার করে বিচার করা হয়।

ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক।

আরও পড়ুন: মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়: ফয়েজ আহম্মদ

এর আগেও সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়