News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৮, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪৯, ১১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে: প্রেস সচিব

নির্বাচনে সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পতিত সরকারের লোকজন নির্বাচনকে ঘিরে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইইউ আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়েছে। তিনি বলেন, “আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ তখন কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি।”

শফিকুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না। বর্তমানে নির্বাচনী পরিবেশে একটি ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মূল্যায়নে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্ন কিছু হত্যাকাণ্ড ঘটলেও সরকার প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা ইইউকে আশ্বস্ত করেছেন যে, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটেছে। তবে এ ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ঘটনায় বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়