News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৩, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৪৫, ১১ জানুয়ারি ২০২৬

স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করবে ইইউ। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, নির্বাচনটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ হবে।

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসাঁতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ইভারস আইজাবস বলেন, “অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আমরা বুঝি সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। বিশেষ করে নারী, ক্ষুদ্র জাতিসত্তা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইইউর স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল মাঠে থাকবে। আগামী সপ্তাহে ৫৬ সদস্যের একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে কাজ শুরু করবে।

এছাড়া নির্বাচনের আগে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা দেশের সব ৬৪ জেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি। নির্বাচন শেষে ইইউ তাদের পর্যবেক্ষণের ফলাফল ও মূল্যায়ন প্রকাশ করবে।

আরও পড়ুন: চীন-বাংলাদেশের ওপর নজর রাখতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান ইনতা লেসে এবং মিশনের প্রেস অফিসার ইবারহার্ড লাউয়ে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন গত ৮ জানুয়ারি ঢাকায় পৌঁছায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়