News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ৮ জানুয়ারি ২০২৬

১০৪ দেশে সোয়া ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

১০৪ দেশে সোয়া ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত সাত লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। 

প্রবাসী ভোটার নিবন্ধন ও ভোট প্রদানের কার্যক্রম তত্ত্বাবধানে থাকা ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

সালীম আহমাদ খান জানান, যেসব প্রবাসী ভোটার এখনও ব্যালট পাননি, তাদের দ্রুততম সময়ে ব্যালট পৌঁছে দেওয়া হবে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করেন, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

আরও পড়ুন: আসন্ন নির্বাচনের ‘কিংমেকার’ সাড়ে ৪ কোটি তরুণ ভোটার

নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, সর্বাধিক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে, যেখানে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত। এছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ এবং কাতারে ৭৪ হাজার প্রবাসী ভোটারকে ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এবার মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাসী হিসেবে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন নিবন্ধিত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৫০ হাজার ৭৯০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ প্রবাসী ভোটার তাদের পোস্টাল ব্যালট পেয়ে গেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছে দেওয়া কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়