News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০১, ২ জানুয়ারি ২০২৬

আওয়ামী লীগের ‘সরি’ বলার সময়ও শেষ: প্রেস সচিব

আওয়ামী লীগের ‘সরি’ বলার সময়ও শেষ: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নৈতিক বৈধতা এবং জনস্বীকৃতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেছেন, আওয়ামী লীগ যে ধরনের হত্যা, গুম ও গণহত্যা চালিয়েছে, তাতে তারা নিজেরাই নিজেদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে। দলটির ‘সরি’ বা দুঃখ প্রকাশ করার সময়ও এখন পার হয়ে গেছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সকালে মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, মানুষ ভুল করলে অনুতপ্ত হয়, ক্ষমা চায়। কিন্তু দীর্ঘ ১৭ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ তাদের শাসনামলে সংঘটিত বিপুল পরিমাণ হত্যা ও গুমের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এখন যদি তারা এসে ভুল স্বীকার করে বা ‘সরি’ বলে, তবে তার কোনো মূল্য নেই। কারণ সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়ন নেওয়ার সুযোগও আর নেই।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা বিশ্ববাসীর কাছে আন্দোলনের প্রকৃত চিত্র আড়াল করতে ভয়ংকর মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা দাবি করছে আন্দোলনে ৩০০০ পুলিশ নিহত হয়েছে, যা সম্পূর্ণ অবাস্তব। আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ ছাত্র-ছাত্রীকে তারা ‘জঙ্গি’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, যাতে নিজেদের চালানো হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায়।

তিনি প্রশ্ন তুলে বলেন, এই ধরনের কর্মকাণ্ডের পর বাংলাদেশের মানুষ কেন তাদের গ্রহণ করবে?

আরও পড়ুন: মির্জা ফখরুলকে নিয়ে প্রেস সচিবের বিষণ্ণ ফেসবুক স্ট্যাটাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে নির্বাচনের গুরুত্ব কমবে কি না— এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আওয়ামী লীগ না থাকলে নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে, এমন কোনো ধারণা সাধারণ মানুষের মধ্যে নেই।

তিনি আরও যোগ করেন, কোনো রাজনৈতিক দল যদি নিজ দেশের তরুণ শিক্ষার্থীদের ওপর অস্ত্র ব্যবহার করে এবং গণহত্যা চালায়, তবে বিশ্বের কোনো সভ্য দেশ তাকে আর গণতান্ত্রিক দল হিসেবে গণ্য করে না।

মাগুরার স্থানীয় সহিংসতার উদাহরণ টেনে তিনি বলেন, আগস্টে মাগুরায় কী হয়েছে আপনারা দেখেছেন। ছাত্রলীগের পাশে খোদ এমপি সাকিব আল হাসানের বাবাও অস্ত্র হাতে নেমেছিলেন। তাদের গুলিতে দুজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এরপর আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো নৈতিক ভিত্তি থাকে না।

আন্দোলনে শহীদ হাদীর হত্যাকারীদের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ পরীক্ষা করে খুনিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন শেষে তিনি পুনরায় সাংবাদিকতা পেশায় ফিরতে চান। এদিন তিনি সেবাশ্রমের মানবিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করে বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় এমন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ।

এ সময় সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানান্দ চঞ্চল, তরুণ ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আশ্রম পরিদর্শন শেষে তিনি শ্রীপুরে নিজ গ্রামের বাড়িতে যান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়