News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৮, ১ জানুয়ারি ২০২৬

মির্জা ফখরুলকে নিয়ে প্রেস সচিবের বিষণ্ণ ফেসবুক স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে প্রেস সচিবের বিষণ্ণ ফেসবুক স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ত্যাগ ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর বিষণ্ণতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই অনুভূতির কথা জানান।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, গতকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য তাঁর মন খুব খারাপ হয়ে আছে। বহু বছর ধরে তিনি তাঁর রাজনৈতিক আদর্শ হিসেবে পরিচিত একজন ব্যক্তি।

একজন সাংবাদিক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, খুব কাছ থেকে দেখেছেন—কীভাবে মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করেছেন এবং কীভাবে তিনি দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন নিজের সন্তান বা নিকট আত্মীয়ের মতো করে।

প্রেস সচিব আরও লেখেন, শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে তাঁর মনে হয়েছে, মির্জা ফখরুল গভীরভাবে একা হয়ে পড়েছেন।

পোস্টে বলা হয়, এই দুই নেতা একসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা ও নীরব সহনশীলতার জন্য তাঁরা উভয়ই পরিচিত ছিলেন। তাঁরা খুব কমই মেজাজ হারাতেন, অহংকার তাঁদের স্পর্শ করতে পারতো না বললেই চলে। কঠিন সময়েও তাঁরা অত্যন্ত যত্ন ও সংযমের সঙ্গে মানুষকে পথ দেখিয়েছেন।

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর প্রশ্ন নেই: প্রেস সচিব

মির্জা ফখরুলের বর্তমান শারীরিক অবস্থার কথা তুলে ধরে শফিকুল আলম লেখেন, সাম্প্রতিক মাসগুলোতে তাঁর স্বাস্থ্যের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তিনি এখন আর সেই মহাসচিব নন, যিনি একসময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরলসভাবে সফর করতেন।

তিনি স্মরণ করিয়ে দেন, খালেদা জিয়া যখন তাঁকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব দেন, তখন তিনি ছিলেন দলের একজন মধ্যম সারির নেতা এবং সেন্টার-লেফট আদর্শিক ঝোঁকের জন্য পরিচিত। তবুও সংকটময় মুহূর্তে তিনিই নিজেকে সবচেয়ে দক্ষ কাণ্ডারি হিসেবে প্রমাণ করেছেন।

শহীদ বেগম খালেদা জিয়ার পাশে থেকে তিনি দলকে সুসংগঠিত ও স্থির রেখেছিলেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

পোস্টের শেষাংশে শফিকুল আলম লেখেন, জুলাই মাস যখন এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। খালেদা জিয়া তখন মৃত্যুশয্যায় ছিলেন এবং মির্জা ফখরুল নিজেও শারীরিকভাবে তাঁর অনেক সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। 

তাঁর ভাষায়, এটি একটি যুগের সমাপ্তি নির্দেশ করে।

উল্লেখ্য, রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকেল ৪টা ৪০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর রাত ৮টার দিকে এই ফেসবুক পোস্টটি দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়