News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফিলিস্তিনি ভূমি দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিনি ভূমি দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে সংযুক্ত করার লক্ষ্যে ইসরায়েল সরকারের সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের অধিকার হরণের এক নতুন কৌশল হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নির্বাহী কমিটির এক উন্মুক্ত জরুরি সভায় তিনি এ অবস্থান ব্যক্ত করেন। এর আগে বৃহস্পতিবারও একই বিষয়ে বাংলাদেশের জোরালো উদ্বেগের কথা তুলে ধরা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল আল কুদস আল শরিফসহ ফিলিস্তিনি ভূমির আইনি ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্যকে পাল্টে দিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। তাই ফিলিস্তিনিদের ভূমির অধিকার যথাযথভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা ন্যায্য ও টেকসই সামাজিক শৃঙ্খলার ভিত্তিমূলকেও ক্ষুণ্ন করে। পশ্চিম তীরে ভূমি ক্রয় প্রক্রিয়া সহজ করা এবং ভূমি নিবন্ধন উন্মুক্ত করার সিদ্ধান্ত ফিলিস্তিনি ভূমির মালিকদের ভয় ও হয়রানির মুখে ঠেলে দিচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্তের ঘোষণা এলজিআরডি মন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান পুনঃউল্লেখ করেন, যেখানে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। 

তিনি বলেন, শুধুমাত্র এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের চলমান সমস্যার টেকসই সমাধান সম্ভব।

এছাড়াও তিনি গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখানে আন্তর্জাতিক মানবিক সহায়তাকারীদের নিঃশর্ত ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার দাবিও জানান। 

খলিলুর রহমান জোর দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ ও শিশুদের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোও অত্যন্ত জরুরি।

সভায় বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

বাংলাদেশের এই নিন্দা ফিলিস্তিনের ভূমি সংক্রান্ত ইসরায়েলের পদক্ষেপকে দখলের নতুন রূপ হিসেবে চিহ্নিত করেছে এবং আঞ্চলিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়