News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ঋণের বোঝা বাড়িয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের চেয়ে লোডশেডিং ভালো: বিদ্যুৎমন্ত্রী

ঋণের বোঝা বাড়িয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের চেয়ে লোডশেডিং ভালো: বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতির ওপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিগত সরকারের অপরিকল্পিত নীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সমালোচনা করে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘বিশৃঙ্খল’ বলে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, আগে লোডশেডিং থাকলেও তা জাতির ওপর বড় কোনো আর্থিক বোঝা তৈরি করেনি। এখন আলো জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলোর নিচে ঋণের পাহাড় আরও ভারী হয়ে উঠেছে। ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা উত্তম বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া বিল পরিশোধের দাবির প্রেক্ষাপটে মন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন-এর তথ্য অনুযায়ী, বেসরকারি উৎপাদনকারীদের পাওনা ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা।

বিদ্যুৎ খাতের অনিয়ম ও অপচয় প্রসঙ্গে মন্ত্রী জানান, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস বর্তমানে প্রায় ১০ শতাংশ, যা উদ্বেগজনক। তার ভাষ্য, প্রতি ১ শতাংশ অপচয়ে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। সরকার প্রাথমিকভাবে সিস্টেম লস ৫ শতাংশে এবং পরবর্তীতে ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সিস্টেম লস কমানো গেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর মতো সংস্থার চাপ মোকাবিলা সহজ হবে এবং জ্বালানি খাতের আর্থিক স্থিতি পুনরুদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ৫.৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি সাতক্ষীরা, সারাদেশে ঝাঁকুনি

জ্বালানি সংকটের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, পর্যাপ্ত অনুসন্ধানের অভাব এবং বিদেশি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই বর্তমান সংকটের মূল কারণ। সরকার নিজস্ব রিগ ক্রয় ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশীয় কূপ থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। তবে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হওয়ায় সামনে গ্রীষ্মকালে গ্যাসের চাপ আরও কমার আশঙ্কা রয়েছে।

আবাসিক গ্রাহকদের গ্যাস সংকট ও বিল পরিশোধের জটিলতা দূর করতে দ্রুত প্রিপেইড মিটার স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়