৮ম জাতীয় ভোটার দিবস ২ মার্চ: ইসির কঠোর নির্দেশনা
ফাইল ছবি
আগামী ২ মার্চ (সোমবার) সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হতে যাচ্ছে ‘৮ম জাতীয় ভোটার দিবস’। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঢাকায় কর্মরত নির্বাচন কমিশনের (ইসি) সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে জানানো হয়েছে, ২ মার্চ সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর একটি র্যালি এবং বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মূলত ভোটারদের সচেতন করতে এবং তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি বছর এই দিনটি জাতীয়ভাবে পালন করা হয়।
অফিস আদেশে নির্দিষ্ট করে বলা হয়েছে যে, ২ মার্চ সকাল ৯টার মধ্যে নির্বাচন ভবনের সামনে নির্ধারিত ৭টি দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীকে আবশ্যিকভাবে সমবেত হতে হবে।
আরও পড়ুন: ৯ গুণী ব্যক্তি ও ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী
এই দপ্তরগুলো হলো নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (NID), নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ETI), ইসি সচিবালয়ের অধীনে পরিচালিত সকল প্রকল্প, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল থানা নির্বাচন অফিসারের কার্যালয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো প্রকার ব্যত্যয় ছাড়াই সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এই অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর তদারকি করা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








