‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করলেও আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জেল-জুলুমের ১৫ বছর পেরিয়ে ভোটের অধিকার কাজে লাগাতে চাই: ফখরুল
বিজিবির এই কর্মকর্তা বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে।
পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারা দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলাভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকালীন যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে, যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।
নির্বাচনকে সামনে রেখে আপনারা মহড়া চালাচ্ছেন, নির্বাচনে আপনারা কোনও শঙ্কা দেখেন কিনা প্রশ্নে আবুল এহসান বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোনও ধরনের শঙ্কা দেখছি না। বিজিবি মহাপরিচালকের নির্দেশ, আমরা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও ধরনের মারণাস্ত্র ব্যবহার করবো না।
নির্বাচনে আপনাদের কোনও হটলাইন আছে কিনা প্রশ্নে তিনি বলেন, আমাদের যে বেস ক্যাম্পগুলো রয়েছে, সেগুলোর মোবাইল নম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে রয়েছে। কোনও ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপ রয়েছে, সেখানেও কোনও ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে জানাতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








